শিবগঞ্জে সেফটি ট্যাংকিতে কাজে নেমে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৯:১৪
 
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের বানাইল মহল্লায় সেফটি ট্যাংকিতে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার বানাইল মহল্লার বাবলু প্রামানিকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা গ্রামের ফয়জার রহমানের ছেলে রাজমিস্ত্রি আঙ্গুর হোসেন (২৮) এবং তার সহকারী শ্রমিক একই এলাকার সাদেক আলীর ছেলে শাহ আলম আলী (২২)।
 
শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, ওই বাড়িটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। মঙ্গলবার সন্ধ্যায় ট্যাংকির শাটার খোলার জন্য দুই শ্রমিক ভেতরে নামলে বিষক্রিয়ায় তারা মারা যান। পরে স্থানীয় লোকজন পুলিশে সংবাদ দিলে তারা লাশ দুটি উদ্ধার করে।
 
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান দুই শ্রমিকের মৃত্যু নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
 
ইত্তেফাক/জামান