মাদক দ্রব্য সেবন এবং বিক্রয়ের দায়ে মো. হৃদয় হোসেন (২২) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ খন্দকার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হৃদয় মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ দিন যাবত মানিকগঞ্জে বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বিক্রয় করে আসছে হৃদয়। গোপন সংবাদের উপর ভিত্তি করে মঙ্গলবার দুপুরে ৩২পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এরপর আটক হৃদয় হোসেনকে মানিকগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহাদাৎ খন্দকার তাকে এ দণ্ডাদেশ দেন।
