পূর্ব এশিয় অঞ্চলে চলমান যুদ্ধাবস্থা ও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নিজের সামরিক শক্তি বৃদ্ধিতে দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর উদ্বোধন করলো চীন। যদিও এটি লিয়াওনিংয়ের পর দেশটির দ্বিতীয় বিমানবাহী জাহাজ, তবে দেশীয়ভাবে তৈরি করা প্রথম।
দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম জানিয়েছে, ডালিয়ানের উত্তর-পূর্ব বন্দরে নামহীন জাহাজটি শুকনো ডক থেকে পানির মধ্যে স্থানান্তর করা হয়। এর আগের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ সালের মধ্যে এটিকে কাজে লাগানো হতে পারে। তবে তার আগেই সম্প্রতি মার্কিন-উত্তর কোরিয়ার মধ্যকার উষ্ণতাপূর্ণ বক্তব্য ও হুমকির প্রেক্ষিতে এটিকে পানিতে নামিয়ে দেয় চীন।
এর আগে, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের রণতরী ও দক্ষিণ কোরিয়ায় দেশটির পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী রণতরী স্থাপন করা হয়েছে। আক্রান্ত হলে উত্তর কোরিয়াও পাল্টা আঘাতের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর এতে বরাবরই এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার কথা বলছে চীন।
IMG0
এটি চীনের পূর্ববর্তী বিমানবাহী জাহাজ লিয়াওনিং থেকে অনেক আধুনিক বলে জানানো হয়েছে। পঁচিশ বছর আগে সোভিয়েত জাহাজ লিয়াওনিংকে ইউক্রেনের কাছ থেকে কিনে নেয় চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২০১৩ সালে চীন তার সর্বশেষ অত্যাধুনিক বিমানবাহী জাহাজ নির্মাণের কাজ শুরু করে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
