মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ প্রিসাইডিং অফিসারের লাশ উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:০২

ট্রাফিক পুলিশের টিএসআই এখনো নিখোঁজ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ে ট্রলারডুবিতে নিখোঁজ প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিনের লাশ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরি দল। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চরকিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার মেঘনা নদীর মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার মহিলা আনসার সদস্য রিতা আক্তারের লাশ উদ্ধার করা হয়।  তবে ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া এখনও নিখোঁজ রয়েছেন।

গত ৩১ মার্চ সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে প্রত্যন্ত চরাঞ্চল চরকিশোরগঞ্জ থেকে উপজেলা সদরে ফেরার পথে প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যসহ ১৭জন যাত্রী নিয়ে ট্রলার ডুবে যায়। এতে প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রিতা নিখোঁজ হন। পরে সোমবার সকালে চরহোগলা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে রিতার লাশ ভেসে উঠে। এ ঘটনায় এ পর্যন্ত প্রিসাইডিং অফিসার ও মহিলা আনসার সদস্যের লাশ উদ্ধার হয়েছে।

নিহত বোরহান উদ্দীন চরকিশোরগঞ্জ এলাকার চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার মেঘনাঘাট শাখার ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, মেঘনা নদীতে নিখোঁজের দুদিন পর প্রিজাইডিং অফিসার বেরহান উদ্দিনের লাশ উদ্ধার হয়েছে। ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়ার লাশ উদ্ধারের চেষ্টা চলছে।