দোহারে এইচএসসির উত্তরপত্রসহ আটক ৭

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৬:৫৭
 
ঢাকার দোহারে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন ও উত্তরপত্র সহ সাতজনকে আটক করেছে পুলিশ।
 
বুধবার সকাল সোয়া ১০টার দিকে জয়পাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের ফটক থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, এইচএসসি পরীক্ষার্থী জহিরুল ইসলাম (১৯), তামান্না ইসলাম (১৭), তানিয়া শরিফ তুন্নি (১৭), সুমাইয়া আক্তার (১৭), সিমু আক্তার (১৭), রুমি আক্তার (১৭)। তারা সবাই উপজেলার মেঘুলা মালিকান্দা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। এঘটনায় সম্পৃক্ততায় জয়পাড়া বাজারের ফটোকপির দোকানি জুবায়ের মোল্লাকেও (২৪) আটক করেছে পুলিশ।
 
আটকের সময়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমিন উপস্থিত ছিলেন। আটককৃতদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে।
 
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সোয়া ১০টার দিকে কেন্দ্রের না গিয়ে ফটকে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল পরীক্ষার্থীরা। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যবসায় শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্রসহ ছয় পরীক্ষার্থীকে আটক করে পুলিশ।
 
ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মধ্যে তামান্না ইসলাম, তানিয়া শরিফ তুন্নি, সুমাইয়া আক্তার, সিমু আক্তার, রুমি আক্তারকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন। সেইসঙ্গে পরীক্ষার্থী জহিরুল ইসলামকে ১৫ দিনের এবং ফটোকপি দোকানী জুবায়ের মোল্লাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমিন বিষয়টি নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/জামান