হাওর অঞ্চলে জেলেদেরও ভিজিএফ দেয়া হবে : ত্রাণমন্ত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:২২
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, হাওর অঞ্চলে কৃষকদের পাশাপাশি জেলেরাও কর্মহীন হয়ে পড়েছে। তাই কৃষকদের পাশাপাশি জেলেদেরও ভিজিএফ দেয়া হবে।  
 
বুধবার সচিবালয়ের সভাকক্ষে হাওর অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির উপর এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ইতোমধ্যে বিকল্প কর্মসংস্থানের জন্য জেলাভেদে ১০-১৫ কোটি টাকা ছাড় করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের আওতায় এ কর্মসংস্থান করা হবে। পাশাপাশি এই অঞ্চলের সকলের বিকল্প কর্মসংস্থান করা হবে।
 
তিনি বলেন, প্রাথমিকভাবে হাওর অঞ্চলের ৩ লাখ ৩০ হাজার প্রান্তিক দরিদ্র লোককে ভিজিএফ সহায়তা দেয়া হবে। এ সংখ্যা বাড়তে থাকলে বাড়তি লোকদেরও সহায়তা করা হবে। এর পাশাপাশি সুলভ মূল্য ও ওএমএস কার্যক্রম চলমান থাকবে।
 
এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হাওর এলাকার কর্মকর্তাদের ছুটি ও প্রেষণ বাতিল এবং শূন্যপদে পদায়নের জন্য তিনি সকল মন্ত্রণালয়কে অনুরোধ করেন। বাসস
 
ইত্তেফাক/ইউবি