চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান স্থগিত করেছে সোয়াট ও কাউন্টার টেরেরিজম সদস্যরা। মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে সাইদুর রহমান জেন্টু বিশ্বাসের ভাড়া দেয়া বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে সকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও করে রাখা হয়। পরে বিকাল ৫টায় ঢাকা থেকে সোয়াট সদস্যরা এসে প্রথমে জঙ্গি আবু মোল্লার মা ফুলসানা বেগম ও তার চাচী বেগমের মাধ্যমে আবুর দুই কন্যা সন্তানকে ঐ বাড়ি থেকে বের করে আনার চেষ্টা করে।
সে চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে আসার পর সন্ধ্যা ৬টার দিকে অভিযান শুরু হয় এবং রাত ৯টা পর্যন্ত অভিযান চলে। এ সময় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। সোয়াত ও কাউন্টার টেরোরিজমের উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দ্দার জানান, শিবগনগর এলাকায় জেন্টু বিশ্বাসের একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো শুরু করতে যায় কাউন্টার টেরোরিজমের সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে শক্তিশালী ককটেল ও গ্রেনেড ছোঁড়া হয়। জবাবে সোয়াট সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।
শিবগনগরের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। বাড়িটির আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার কারণে সরিয়ে নেয়া হয়। রাত ৯টার দিকে এ অভিযান স্থগিত করা হয়। সকাল থেকে আবার অভিযান শুরু হবে।
ইত্তেফাক/নূহু
