ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনে হুমকিতে ব্রিজ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:০৫

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা-ধানুয়াঘাটা সড়কের ব্রিজ ঘেঁষে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে স্থানীয় স্বার্থান্বেষী ব্যক্তিরা। এতে হুমকির মুখে পড়েছে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামের মাথবিল ব্রিজটি। ব্রিজের নিচে খাল তৈরি হওয়ায় সড়কের পাশ থেকে মাটি সরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, মাথবিল ব্রিজের পশ্চিম পাশে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে গভীর গর্ত করা হয়েছে। সেখানে বৃষ্টির পানি জমা হওয়ায় শ্যালো মেশিন লাগিয়ে সেচ দিয়ে আবারও মাটি কাটার প্রস্তুতি চলছে। স্থানীয় পলান আহম্মেদসহ কয়েক ব্যক্তি ব্রিজের পাশ থেকে মাটি কেটে বড়ো ড্রাম ট্রাকে করে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছে। 

জানতে চাইলে পলান আহম্মেদ বলেন, আমাদের জমির মাটি আমরা বিক্রি করেছি। মাটি ব্যবসায়ীরা কিভাবে মাটি উত্তোলন করছে তা আমার দেখার বিষয় নয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বিষয়টি শুনলাম। তবে না দেখে কিছু বলতে পারছি না।