গাছের সাথে এ কেমন শত্রুতা ? বুধবার দিবাগত গভীর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের চরবাসপুর গ্রামের মৃত. হাজি সুজাউদ্দিনের ছেলে হেমায়েত হোসেনের বসত ভিটার সংলগ্ন বিভিন্ন জাতের ফলজ ও কাঠের ৬৫টি চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত হেমায়েত বৃহস্পতিবার মধুখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি অভিযোগ করেছেন।
হেমায়েতের স্ত্রী মনিরা ফেরদৌস জানান, ১৫/২০ দিন আগেও কলাবাগান থেকে রাতে ২০ কাদি কলা কেটে নিয়ে তাদের উপর হামলা করতে এসেছিল। বুধবার দিবাগত গভীর রাতের আধারে কে বা কারা আবার কলা, আম, পেপে, কাঠের চারাগাছ কেটে ও সীমানা পিলার এবং বেড়া কেটে ফেলে ক্ষতিসাধন করে।
ক্ষতিগ্রস্ত হেমায়েত হোসেন জানান, বুধবার গভীর রাতে কে বা কাহারা আমার বসতবাড়ির ৬৫টি বিভিন্ন জাতের ফলজও কাঠের চারাগাছ সহ সীমানা পিলার ও বেড়া কেটে ক্ষতি করেছে। এতে তার প্রায় ২লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি দাবী করেন। এ ব্যাপারে থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে অভিযোগ দেওয়া হয়েছে।
IMG1
মধুখালী থানার ডিউটি অফিসার এ এস আই তপন কুমার বিশ্বাস জানান, হেমায়েত হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি কাহারো নামে অভিযোগ করেননি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/সাব্বির
