কলকাতাকে শীর্ষে তুললেন উথাপ্পা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৬:২৮
৪৭ বলে ৮৭ রানের ইনিংস দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে দশম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পয়েন্ট টেবিলের শীর্ষে তুললেন ওপেনার রবিন উথাপ্পা। তার বিধ্বংসী ব্যাটিং-এ গতরাতে রাইজিং পুনে সুপারজায়ান্টসকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা। 
 
এই জয়ে ৮ খেলায় ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠলো কলকাতা। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ান্সেরও। তবে রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে তারা। 
 
নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে ৫ উইকেটে ১৮২ রান করে পুনে। দলের পক্ষে অধিনায়ক অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ৩৭ বলে অপরাজিত ৫১ ও ওপেনার আজিঙ্কা রাহানে ৪১ বলে ৪৬ রান করেন। 
 
জবাবে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারালেও, দ্বিতীয় উইকেটে ম্যাচজয়ী ১৫৮ রানের জুটি গড়েন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর ও উথাপ্পা। ম্যাচের সেরা উথাপ্পা নিজের ইনিংসটি সাজান ৭টি চার ও ৬টি ছক্কায়। আর ৬টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৬২ রান করেন গম্ভীর। বাসস/ ইএসপিএন ক্রিকইনফো।
 
ইত্তেফাক/রেজা