‘কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতার বিকল্প নেই’

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:১০
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মজিবুল হক বলেছেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনসচেতনতার বিকল্প নেই।  সরকার অগ্রাধিকার ভিত্তিতে গার্মেন্টস সেক্টরে কাজ করছে। বাংলাদেশে কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতি হচ্ছে। 
 
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি এবং ওশি-এর আয়োজনে ‘বাংলাদেশে কর্মক্ষেত্রে নিরাপত্তা : অর্জন, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সামাজিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওশির চেয়ারপার্সন রিজওয়ানা সাকী, নির্বাহী পরিচালক এ আর চৌধুরী, আইএলও এর আলবার্টো সার্ডা, ফায়ার ব্রিগেড-এর প্রাক্তন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব. আবু নাইম মো. শহিদুল্লাহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রওশন মমতাজ ও ড. ইশতিয়াক আহমেদ। 
 
প্রতিমন্ত্রী বলেন, ২০০৬ এবং ২০১৩ সালে শ্রম আইন সংশোধন করা হয়েছে। সচেতনতার অভাবে এসব আইনের বাস্তবায়ন হচ্ছে না। শিশুশ্রম বিষয়ে সুস্পষ্ট আইন থাকা স্বত্বেও গৃহকর্মে শিশুদের নিয়োগ করা হচ্ছে। তাই জনসচেতনতা জরুরি। 
 
প্রতিমন্ত্রী বলেন, ৮৩ লাখ ইনস্পেকশন ইউনিট পরিদর্শন করতে ২০ হাজার পরিদর্শক লাগবে যা সময় সাপেক্ষ। তাই সচেতনতার বিকল্প নেই।
 
তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত সামাজিক সংলাপের উদাহরণ টেনে বলেন, এ ধরনের সামাজিক সংলাপ কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সহযোগিতা করবে।বাসস
 
ইত্তেফাক/ইউবি