ইসরাইলের কারাগারগুলোতে থাকা দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার পশ্চিম তীরজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়, স্কুল, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং গণপরিবহন সারাদিন বন্ধ ছিল।
রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক জানান, ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে অধিকৃত ভূমির প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকান বন্ধ ছিল। তিনি বলেন, ‘সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অংশ ধর্মঘটের ডাক দেয়ায় পশ্চিম তীরের এখানে একটি বড় আকারের সহানুভূতি ছিল।’ চিকিৎসায় অবহেলা, প্রশাসনিক আটকাদেশ এবং সীমিত পারিবারিক সাক্ষাতসহ মানবিক দুর্দশার প্রতিবাদে গত সপ্তাহ থেকে ইসরাইলি কারাগারগুলোতে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন ফিলিস্তিনি বন্দিরা। প্রসঙ্গত, ইসরাইলি কারাগারগুলোতে বর্তমানে ছয় হাজার ৫শ ফিলিস্তিনি বন্দি রয়েছেন, এর মধ্যে ৫শ প্রশাসনিক আটকাদেশের অধীনে আটক।
ফাতাহ পার্টির কারাবন্দী নেতা মারওয়ান বারঘৌতি এই ধর্মঘটের ডাক দেন। ইসরাইলি দখলদারির বিরুদ্ধে দ্বিতীয় ইন্তিফাদায় যুক্ত থাকার অভিযোগে তিনি আজীবনের জন্য জেল খাটছেন। বারঘৌতি গত ১৭ এপ্রিল অনশন শুরু করেন। এদিন থেকে অনশনে অংশগ্রহণকারীরা পানি এবং লবন ছাড়া অন্য কোনো কিছু খাচ্ছেন না। বন্দিদের অনশনের সমর্থনে কাজ করা গ্রুপগুলো ওই দিনটিকে ‘উত্থানের দিন’ ঘোষণা দেয় এবং বিভিন্ন স্থানে ইসরাইলি সেনাদের মোকাবিলা করার আহবান জানায়। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
