গোপালগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১০:০৬
 
গোপালগঞ্জের কাশিয়ানীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা বাড়ির গৃহকর্ত্রী লাভলী বেগমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  ও পবিরারের অন্যান্য সদস্যদের পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেরার উপজেলার রামদিয়া গ্রামের সৌদি প্রবাসী জামাল মিনার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। 
 
ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল লুটে পালিয়ে যায়। আহত লাভলী বেগমকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
IMG0
 
লাভলী বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল ভবনের কেচি গেট ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে অন্য কক্ষে ঘুমিয়ে থাকা ছেলে-মেয়েদের দেখতে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যপুরি কুপিয়ে জখম করে। অন্য কক্ষে থাকা তার ছোট ভাই ইব্রাহিমকে লাঠি দিয়ে পেটায়। পরে ডাকাতরা আলমারি থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়।
 
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।’ 
 
ইত্তেফাক/কেকে