বাকৃবিতে আবারো ছাত্রফ্রন্টের দু'দলের সংঘর্ষ, আহত ৫

আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৭:০০
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কার্যালয় দখলের ঘটনায় আবারো বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) মধ্যে সংঘর্ষ হয়েছে।
 
শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে এ ঘটনা ঘটে। এতে দুই দলের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
 
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ছত্রফ্রন্ট (বাসদ) নেতা-কর্মীরা কার্যালয় দখল করতে আসলে মার্ক্সবাদী নেতা-কর্মীরা তাদের বাধা দেয় এবং দুই দলের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে পুনরায় সংঘর্ষ হয় দু'দলের। ছাত্রফ্রন্টের (বাসদ) কর্মীরা জব্বারের মোড়ে সকালের নাস্তা করতে আসলে অবস্থানরত ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় ছাত্রফ্রন্টের (বাসদ) তিনজনকে কার্যালয়ের চত্বরে ধরে নিয়ে মারধর করা হয়। তিনজনের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের বাইরের কর্মী। তারা আঞ্চলিক সম্মেলনের জন্য ক্যাম্পাসে অবস্থান করছিল। এসময় ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) দুই কর্মীও আহত হয়।
 
এবিষয়ে বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি রাফিকুজ্জামান ফরিদ বলেন, 'ওই দল গ্রন্থাগারের জন্য বরাদ্দকৃত কক্ষে তালা ভাঙার চেষ্টা করে। পরে আমাদের কর্মীরা প্রতিরোধ করতে গেলে কয়েকজন আহত হয়।'
 
এদিকে বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) সভাপতি সৌরভ দাস বলেন, 'কয়েকজন কর্মী সকালে নাস্তা করতে গেলে তারা হামলার শিকার হয়। গতকাল প্রশাসন গ্রন্থাগারের জন্য বরাদ্দকৃত কক্ষে তালা দিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আমরা মেনে নিয়ে ছিলাম।'
 
এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন বলেন, 'ঘটনার সঙ্গে জড়িতদের নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা দুই দলকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।'
 
ইত্তেফাক/জামান