নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নড়াইল জেলা স্টেডিয়াম, নড়াইল রাখা হয়েছে। 'আকস্মিক' নাম পরিবর্তন দেখে নড়াইলবাসী ক্ষুব্ধ হয়েছে।
ঠিকাদারের ভুলে না কি ইচ্ছাকৃতভাবে এরকম করা হয়েছে সেটিও তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নড়াইলবাসী।
সরেজমিনে শুক্রবার দুপুরে স্টেডিয়ামের গেটে গিয়ে দেখা যায়, স্টেডিয়ামের দক্ষিণ পাশের নবনির্মিত গেটের ওপর 'নড়াইল জেলা স্টেডিয়াম, নড়াইল' লেখা ফলক লাগানো হয়েছে। যার পিছনে পুরাতন নামফলকটিও দেখা যাচ্ছে। এ সময় ঘটনাস্থলে ঠিকাদারি প্রতিষ্ঠান বা স্টেডিয়াম কর্তৃপক্ষের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অবগত হলেও কেঊ এ নামফলক স্থাপনের দায়িত্ব স্বীকার করছেন না।
নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, 'শহরের প্রাণ কেন্দ্রে সকলের সামনে দিয়ে বীরশ্রেষ্ঠের নামের পরিবর্তন কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।'
নড়াইলের দূর্গাপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, 'এটি বীরশ্রেষ্ঠের অপমান। এ ঘটনার জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।'
জাতীয় ক্রীড়া সংস্থার সহকারী পরিচালক সুকুমার সাহা বলেন, 'গেটের নির্মাণ কাজ আমরা করেছি। কিন্তু লেখার জন্য আমাদের কোন বরাদ্দ নেই। কে বা কারা নামফলক লাগিয়েছে তা আমাদের জানা নেই।'
নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ বলেন, এ রকম নামফলক লাগানোর বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জেনে তা দ্রুত সরিয়ে নিতে বলেছি। পরে সঠিক নামফলক বসানো হবে।
ইত্তেফাক/জামান
