তালায় মেছো বাঘ আটক

আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১১:৫৯
 
সাতক্ষীরার তালায় একটি আম বাগান থেকে এক মেছো বাঘ ধরা পড়েছে। শুক্রবার বিকালে তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের স্কুল শিক্ষক মো. মশিয়ার রহমানের আম বাগান থেকে বাঘটিকে আটক করা হয়। পরে বাঘটি পোল্ট্রি খামারের মধ্যে একটি পাখির খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এ খবর মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাঘটি দেখতে ভিড় জমাতে থাকে।
 
স্কুল শিক্ষক মো. মশিয়ার রহমান জানান, শুক্রবার দুপুরের পর তার আম বাগানে প্রতিদিনের মতো এলাকার ৩/৪ জন যুবক বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় এক যুবক মেছো বাঘটি বাগানের মধ্যে দেখতে পেয়ে বাঘ বাঘ বলে চিৎকার দিতে থাকেন। মুহুর্তের মধ্যে গ্রামের লোকজন এসে আম বাগান ঘিরে ফেলে। এ সময় মানুষের হৈ চৈ শুনে প্রাণ ভয়ে বাঘটি গর্তের মধ্যে লুকিয়ে থাকে। এক পর্যায়ে মুকুল ইসলাম, আমিরুল মাস্টার, ডা. আব্দুল গফুর, রুবেল সরদার, মইজউদ্দীন ওরফে ফারুক হোসেনসহ কয়েকজন চটের বস্তা দিয়ে সুকৌশলে বাঘটি ধরে পোল্ট্রি খামারে মধ্যে খাচায় আটকে রাখে। 
 
তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন মেছো বাঘটি আটক করার কথা নিশ্চিত করে বলেন, বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।  
 
ইত্তেফাক/কেকে