ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় জামাল মিয়া (৩২) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরো তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ছতুরা শরীফ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত তিনজনের নাম জানা যায়নি। নিহত প্রাইভেটকার চালকের গ্রামের বাড়ি ঢাকার রায়েরবাজারের কুতুপপুরে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কের ছতুরা শরীফ সেতুর কাছে কুমিল্লামুখি একটি মালবাহী ট্রাকটি দাঁড়ানো ছিল। পেছন দিক থেকে কুমিল্লাগামী প্রাইভেটকারটি অতিক্রম করার সময় ট্রাকের পেছনে ভিতর ডুকে পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ভিতরে থাকা প্রাইভেটকার চালক জামাল ঘটনাস্থলেই মারা যান। প্রাইভেটকারের পিছনে থাকা গুরুতর আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আখাউড়া থানা পুলিশের ধরখার ফাঁড়ির ওসি মো. জিয়াউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
