যৌতুকের দাবিতে গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে ও গরম খুনতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত স্বামী বাদল মৃধাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার শরিফাবাদ এলাকা থেকে বাদল মৃধাকে গ্রেফতার করা হয়। অন্য আসামি দেবর লালমিয়া মৃধাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদশীরা জানান, গত ১৬ বছর পূর্বে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীহাটি গ্রামের আজিজ হাওলাদারের কন্যা তাসলিমা বেগমের সঙ্গে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মৃত ওহাব আলী মৃধার পুত্র বাদল মৃধার বিয়ে হয়। ২ বছর আগে বাদলকে নসিমন ক্রয়ের জন্য ২ লাখ টাকা যৌতুক দেয়া হয়। দাবিকৃত আরো এক লাখ টাকা না পেয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাদল মৃধা ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গৃহবধূ তাসলিমা বেগমকে শিকল দিয়ে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে এবং গরম খুনতি দিয়ে শরীরের বিভিন্নস্থানে ছ্যাকা দেয়ার পর ক্ষতস্থানে লবন ও মরিচের গুড়া ছিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। বুধবার ভোরে তাসলিমা বেগমকে (৩২) তার বাবার বাড়ির লোকজনে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর মা জাহানারা বেগম বাদি হয়ে বাদল মৃধা ও তার ভাই লালমিয়া মৃধাকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
