যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধায়নে শনিবার ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম বলেন, ‘আজকের শিশুদের ছোট ছোট আবিষ্কার আগামীতে বড় ধরনের আবিষ্কারে সহায়তা করতে পারবে। আমি আশা করবো শার্শার শিক্ষার্থীরা নতুন নতুন আবিষ্কারে মনোযোগী হবে।’
উদ্বোধন শেষে অতিথিরা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নানা ধরনের সৃষ্টি করা প্রযুক্তির স্টলগুলো পরিদর্শন করেন।
