ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামারুল্লাহ গ্রামে শনিবার লিপা আক্তার (৩০) নামে এক নারী এসিড দগ্ধ হয়েছে।
লিপা ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। এতে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। লিপা আক্তার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানা পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, তিন সন্তানের জননী লিপা আক্তারকে অজ্ঞাত কেউ ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এসিড ছুড়ে মারে। এতে তার শরীরের নীচের অংশ ও মুখের আংশিক অংশ ঝলসে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তাজুল ইসলাম খান জানান, ওই নারীর পেটসহ মুখের আংশিক ঝলসে গেছে।
নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। তবে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শরীফ (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান
