'খাদ্য স্বয়ংসম্পূর্ণের জন্য সরকার কাজ করছে'

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৮:২৩
 
স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'ভিক্ষুক-ক্ষুধামুক্ত ও খাদ্য স্বয়ংসম্পূর্ণের জন্য সরকার কাজ করছে।'
 
তিনি বিএনপি এবং সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সমালোচনা করে বলেন, 'এই কাজটি তারা পারেন নাই। বিএনপি সাহায্য নিতে চান। আর হাসিনা দিতে চান। কোনটি ভাল? আপনারাই বলুন। ইনশাল্লাহ শেখ হাসিনা তাই দেখিয়ে দিচ্ছেন। ২০২১ সালের মধ্যে  বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। ২০৪১ সালে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে।'
 
৩০এপ্রিল বিকেল সাড়ে ৩টায় জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের হাজরাবাড়ি বাজারকে পৌরসভায় উন্নীতের ঘোষণা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
 
মন্ত্রী আরো বলেন, 'আগামী দুই বছরে প্রতিটি উপজেলায় ব্যাপক উন্নয়ন হবে। শুধু মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়নের জন্য তিনশ' কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। ঝাউগড়া মুক্তিসংগ্রাম যাদুঘরের পাশে ডাক বাংলো নির্মাণের জন্যও দুইকোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।'
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন-পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা এমপি, আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, ডা. মুরাদ হাসান সাবেক এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক-জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, মাদারগঞ্জ পৌরমেয়র মির্জা হুমায়ুন কবির প্রমুখ। সভায় জেলার প্রতিটি উপজেলা চেয়ারম্যান, মেয়র ও জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান