মহান মে দিবস উপলক্ষে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।
তবে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রবিবার আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছে। এ ঘটনায় স্থলবন্দরের ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। অবশ্য বিকল্প ব্যবস্থায় বেলা ১২টার পর আমদানি-রফতানি শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূইয়া জানান, নতুন নিয়ম অনুযায়ী এখন অনলাইনের মাধ্যমে পণ্যের বিল এন্ট্রি করতে হয়। এ কারণে বিদ্যুৎ ছাড়া কোনো বিকল্প নেই। বিদ্যুৎ না থাকায় নিজেদের অফিসিয়াল কার্যক্রমেও ব্যাঘাত ঘটে বলে জানান বন্দরের ওই ব্যবসায়ী।
ইত্তেফাক/জামান
