চাটমোহরে পিতার বিরুদ্ধে কন্যাশিশু হত্যার অভিযোগ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৮:৫২
 
পাবনার চাটমোহরে আছিয়া খাতুন নামে ছয় মাস বয়সী এক কন্যা শিশুকে হত্যার অভিযোগ ওঠেছে পিতার বিরুদ্ধে।
 
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ও পিতা হযরত আলীকে (৪৫) গ্রেফতার করেছে। হযরত ওই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।
 
শিশুটির মা শিরিনি আক্তার অভিযোগ করে বলেন, ভোরে আমার সুস্থ মেয়েকে ঘরে রেখে ধান সিদ্ধ করা জন্য উঠানে যাই। কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখি আমার মেয়ের নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং মৃত অবস্থায় পড়ে আছে। এসময় আমার স্বামী তার পাশে শুয়ে ছিল।আছিয়াকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ করেন শিরিন।
 
ঘটনার ব্যাপারে জানতে চাইলে চাটমোহর থানার ওসি (প্রশাসন) এস এম আহসান হাবীব জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পিতা হযরত আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান