পোস্টারে ঢাকা শিল্পকর্ম!

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:১৪

রাজধানী ঢাকার সৌন্দর্য বর্ধনের জন্য সিটি করপোরেশন ও বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। অন্যদিকে খোদ শিল্পপ্রতিষ্ঠান যদি সেই সৌন্দর্য নষ্ট করে, তাহলে কী বলা যায়! গত ২৯ মার্চ নভোথিয়েটোরের সামনে দিয়ে ফার্মগেট যাওয়ার সময় সাবেক র্যাংকস ভবনের মোড়ে আসার পর দেখতে পেলাম, এখানকার গোল চত্বরের ফোয়ারা যা মারবেল পাথরের শিল্পকর্মে সজ্জিত, শিল্পমেলার পোস্টারে ঢাকা পড়ে গেছে। প্রশাসনের লোকজন প্রতিদিন এই ভিআইপি সড়ক দিয়ে যাতায়াত করেন, কিন্তু দুঃখজনক হলো বিষয়টি কারো চোখে পড়ল না! বিভিন্ন অফিস-আদালতের দেয়ালে, বাসাবাড়ির দেয়ালে বিভিন্ন পোস্টার এই রাজধানীর সৌন্দর্য নষ্ট করে। পোস্টার লাগানোর জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন রাস্তার মোড়ে বোর্ড দেওয়া উচিত, যাতে এভাবে কোনো দেয়াল ও শিল্পকর্ম ঢাকা না পড়ে, সৌন্দর্য নষ্ট না হয়। এ ব্যাপারে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সোয়েব মেজবাহউদ্দিন

নবোদয় হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা