তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'সিংড়াকে প্রযুক্তি নির্ভর গড়ে তুলতে ১৫৪ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণ করা হবে।'
তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত বিশ্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে। ২০২১ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের রোল মডেল।'
প্রতিমন্ত্রী রবিবার সকালে নাটোরের সিংড়া উপজেলা জিএ সরকারি কলেজের প্রাচীর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
কলেজের অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসান, ওসি আল মামুন প্রমুখ। প্রতিমন্ত্রী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন এবং ঢলে ক্ষতিগ্রস্ত কৃষি এলাকা পরিদর্শন করেন।
ইত্তেফাক/জামান
