ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল।
রবিবার বিকেলে তিনি এই প্রকল্প এলাকা ও গ্রিন সিটি এলাকা পরিদর্শন করেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান, প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, নিউক্লিয়ার পাওয়ার গ্রিড কোম্পানির উপদেষ্টা রবীন্দ্রনাথ সরকার, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাশিয়ান এ্যটমস্ট্রয় একসপোর্টের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০৩০ ও ২০৪০ সালে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের উন্নয়নের যে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, এই মেগা প্রকল্পের কার্যক্রমের মধ্য দিয়ে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। আর স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্যই পদ্মা সেতু থেকে শুরু করে এ ধরণের মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
