এটুআই ও রোশ-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ২০:৪২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং রোশ বাংলাদেশ যৌথ আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে কার্যালয়ের নারী কর্মকর্তাদের জন্য স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) নীলিমা আখতার বিশেষ অতিথি এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এর মেডিকেল অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. পারভীন শাহীদা আকতার সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কার্যালয় এবং এটুআই প্রোগ্রামের প্রায় ১০০ জন নারী কর্মকর্তার উপস্থিতিতে রবিবার বিকেলে স্তন ক্যান্সার বিষয়ে কর্মকর্তাদের সচেতন করার লক্ষ্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
 
দেশে প্রতিবছর ১ লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং ৯১ হাজারেরও বেশি মানুষ মারা যান। এর মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হন প্রায় ১৫ হাজার মহিলা এবং মারা যান প্রায় ৭ হাজার জন। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের অবস্থান দ্বিতীয়। দিন দিন এই ক্যান্সারের ভয়াবহতা এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ ব্যাপক হারে বেড়ে চলেছে। সঠিক সময়ে ক্যান্সার শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা পেলে এই মৃত্যু বহুলাংশেই এড়ানো সম্ভব।
IMG0
রোশ বাংলাদেশ এর উদ্যোগে স্তন ক্যান্সার বিষয়ে সচেতন করার চলমান কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে এই আয়োজনটি এটুআই প্রোগ্রামের সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নারী কর্মকর্তাদের জন্য অনুষ্ঠিত হয়। 
 
মূল বক্তা প্রফেসর ডা. পারভীন শাহীদা আক্তার স্তন ক্যান্সার বিষয়ে সচেতন হবার উপায়সমূহ এবং স্তন ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশে স্তন ক্যান্সার রোগীদের চিকিৎসাব্যবস্থার অপ্রতুলতা এবং উন্নত চিকিৎসাব্যবস্থার অনুপস্থিতির ওপর আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করা হয়। উপস্থিত বিশেষজ্ঞদের মতে, ‘একজন নারী শুধুমাত্র তার সচেতনতা দিয়ে এই নীরব ব্যাধিকে জয় করতে পারেন এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ নারী সদস্যরা এ বিষয়ে সচেতন হলে পুরো দেশে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে যা প্রান্তিক পর্যায়ের নারীদের সচেতন করতে সহযোগিতা করবে।