গলাচিপায় সংস্কারের ৫ মাসেই ভেঙে গেছে ব্রিজ, ১০ শিক্ষার্থী আহত

আপডেট : ০১ মে ২০১৭, ০১:৫৯

গলাচিপায় সংস্কারের পাঁচ মাসের মাথায় ব্রিজ ভেঙে প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অহত হয়েছে। উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পানখালী খালের ওপর স্লিপার ব্রিজটি রবিবার দুপুরে হঠাত্ বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় ব্রিজের ওপর দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৪০-৫০ শিক্ষার্থী ব্রিজ পার হচ্ছিল।  আহত দুই শিশুকে গলাচিপা হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুদের চিত্কারে এলাকার মানুষ ঝাপিয়ে পড়ে  খালের পানিতে পড়ে হাবুডুবু খাওয়া সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, গত নভেম্বর মাসে উপজেলা প্রকৌশল দফতর থেকে ওই স্লিপার ব্রিজটি এক লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে মেরামত  করা হয়েছে। এ ব্রিজটি সংস্কারে পুকুর চুরি করা হয়েছে। ব্রিজটির কেবল কয়েকটি স্লাব পাল্টানো আর নতুন রঙ করা হয়েছে। নিচের বিম হিসেবে ব্যবহ্নত রেলের স্লিপার অনেক আগেই জরাজীর্ণ ছিল। এসব কিছুই পরিবর্তন না করে যেনতেনভাবে কাজ করায় ব্রিজটি ভেঙে পড়েছে।   পিআইসি সভাপতি বজলুর রহমান দাবি করেন সিডিউল অনুযায়ী মেরামত করা হয়েছে। পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছারউদ্দিন জানান, বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। স্বর্ণা, তানজিলা, তানিয়া, মিতু, তানজিলা অক্তার ও জাফরসহ ১০ শিশু শিক্ষার্থীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

পানখালী পাঞ্জাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম জানান, এলাকার গুরুত্বপূর্ণ এ ব্রিজটি মেরামতে কর্তৃপক্ষ চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।  উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদারের সঙ্গে বারবার চেষ্টা করেও কথা বলা যায় নি। তার মোবাইল ফোন ঘটনার পর থেকেই বন্ধ পাওয়া যায়।