বরিশালে দুই কিশোরকে কুপিয়ে জখম, আটক ৪

আপডেট : ০১ মে ২০১৭, ০৯:৪০
 
বরিশাল নগরীর সাগরদী এলাকায় রুবেল হাওলাদার (১৬) ও তার বন্ধু হিরনকে কুপিয়ে জখম করা হয়েছে। দুইজনকেই উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুবেলের অবস্থা আশংকাজনক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এরপরই মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে হামলার নেতৃত্বদানকারী এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও তার মা-বাবাসহ চার জনকে আটক করেছে। তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি দা (ধারালো অস্ত্র) ও বেশ কয়েকটি পাইপ উদ্ধার করেছে।
 
পুলিশ সূত্র জানিয়েছে- নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের গাবতলা সড়কে কিশোরদের মধ্যে সিনিয়র জুনিয়র বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত রুবেল এবার এসএসসি পরীক্ষা দিয়ে ফলের অপেক্ষায় রয়েছে। সে স্থানীয় সেলিম হাওলাদারের ছেলে। 
 
রুবেলের আহত বন্ধু হিরন জানায়- রবিবার রাতে বন্ধু রুবেলের সঙ্গে গাবতলা সড়কের বায়তুল মামুর জামে মসজিদে মিলাদ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কুমার বাড়ি নামক স্থানে আমির হোসেন খান, তার ছেলে হৃদয় হাসান খান, স্ত্রী শিল্পি বেগম ও একই এলাকার বাসিন্দা মেহেদী হাসান ও আরিফ হোসেনসহ বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাথারি কুপিয়ে জখম করা হয়। হামলা কারণ জানা নেই বলে আহত হিরনের দাবি।
 
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসি (ক্রাইম) নাসির উদ্দিন মল্লিক জানান, খবর পেয়ে তারা তাৎক্ষনিক অভিযানে নামেন। রাতেই দক্ষিণ সাগরদী এলাকার বাসিন্দা আরিফুর রহমান, একই এলাকার আমির হোসেন খান ও তার স্ত্রী শিল্পি বেগম এবং ছেলে হৃদয় হাসান খানকে আটক করা হয়। 
 
আটক আরিফুর রহমান গাবতলার আনসার উদ্দিন মল্লিক কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। আটক চার জনকে জিজ্ঞাসাবাদ করার পর আজ সোমবার কোতয়ালী থানায় সোর্পদ করা হবে বলে এসি (ডিবি) নাসির উদ্দিন মল্লিক জানান।  
 
ইত্তেফাক/কেকে