মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী গ্রামের ভণ্ড কবিরাজ কাউছার মিয়াকে (২৮) গত ৩০ এপ্রিল রাতে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার প্রতারণায় অভিযুক্ত হওয়ায় তাকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আশ্রাফ আলীর ছেলে কাউছার মিয়া দীর্ঘদিন যাবত্ কবিরাজি করে সাধারণ মানুষদের নিকট থেকে প্রতারণা করে অর্থ আদায় করছে। এছাড়া ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৪০ জন শিক্ষার্থী গত একমাসে বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ে এদের কাছ থেকে সুস্থ করে দেবে বলে ৭ থেকে ১০ হাজার টাকায় মধ্যস্থতা করে। এরই মধ্যে একই এলাকার গিয়াস উদ্দিন তপাদারের মেয়ে আকলিমা আক্তার এবং মামুন মিয়ার কন্যা মারিয়া (১৩) হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
এ বিষয়ে গত রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমান, কবিরাজের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে তিনি কৌশলে ঐ কবিরাজকে তার কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় তার কবিরাজির বেশ কয়েকটি তাবিজসহ আলামত উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ভণ্ড কবিরাজকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।
