নড়াইলে দরিদ্র মেধাবী ছাত্রের চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা

আপডেট : ০১ মে ২০১৭, ১৬:০৮
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্ত্বরে গুরুতর আহত শিক্ষার্থী নাসির হোসেনের চিকিৎসার ভার নিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান ‍মুকুল। নাসির কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং খুলনা বিভাগীয় বি.এন.সি.সি কোর্স চ্যাম্পিয়ন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার কলেজ চত্ত্বরে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তরা নাসিরের উপর আক্রমণ করে। হামলায় তার হাতের তিনটি আঙ্গুল মারাত্মকভাবে জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
এর আগে দুর্বৃত্তদের হামলায় আহত নাসিরের উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হলেও নাসিরের অসহায় পরিবারের পক্ষে তা বহন সম্ভব হচ্ছিল না। খবর শুনে পিতৃহারা নাসিরের অসহায় মায়ের আর্তনাদে এগিয়ে আসেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মুকুল। এরপর উন্নত চিকিৎসার জন্য নাসিরকে খুলনায় নিয়ে যাওয়া হয়।
 
জানতে চাইলে নাসিরের মা সংবাদিকদের বলেন, পিতৃহারা এই একমাত্র সন্তানকে নিয়েই আমাদের সংসার। আমি ক্লিনিকে আয়ার কাজ করে তার লেখাপড়া ও সংসারের খরচ চালাই। নাসিরের চিকিৎসায় খুলনায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া পর্যন্ত আমার কাছে ছিল না। তখন মুকুল আমার ছেলের চিকিৎসার দায়িত্বভার গ্রহণে এগিয়ে এসেছেন। মহান আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক সেই দোয়া করি। 
 
তিনি আরও বলেন যে, নাসির মেধাবী ছাত্র। তার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয়েছে। কিন্তু নাসিরের হাতের আঙ্গুলের যে অবস্থা তাতে তিনি সংশয় প্রকাশ করেন। 
 
ছাত্রলীগ নেতা মুকুল বলেন, শুধুমাত্র মানবিক তাড়নায় এই দরিদ্র মেধাবী ছাত্রের পাশে দাঁড়িয়েছেন। তিনি এটাকে মানবসেবার ক্ষুদ্র প্রয়াস মাত্র বলেও আখ্যা দেন। এছাড়াও তিনি জানান, নাসিরের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। এজন্য তিনি ছাত্রলীগের সকল নেতাকর্মীদের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা করে যাচ্ছেন।
 
ইত্তেফাক/রেজা