মেহেন্দীগঞ্জে দেশীয় অস্ত্রভাণ্ডারসহ ডাকাত সর্দার গ্রেফতার

আপডেট : ০১ মে ২০১৭, ১৭:৩৬
মেহেন্দীগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার কবির হোসেনকে (৩৫) বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কাজিরহাট থানা পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টায় লতা ইউনিয়নের বাংলাবাজার এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার কাশেম সরদারের ছেলে।
 
কাজিরহাট থানার ওসি মাসুম তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কবিরের বাড়ী ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া করে আটক করা হয়। তার বাসায় তল্লাশি করে রামদা, বগা দা, বড় ছুরি, ড্যাগার, চাইনিজ কুড়াল, শাবলসহ ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ৫০টির বেশি মোবাইল সেট, সেনাবাহিনীর পোশাক, অনেকগুলো দেশ বিদেশী তৈরি হাতঘড়িসহ বিভিন্ন ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।
 
২০০৫ সালে লতা ইউনিয়নে শহিদ নলী নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে কবির হোসেন। ওই মামলায় সে এতদিন পলাতক ছিল। এছাড়া বিভিন্ন জেলায় তার নামে অসংখ্য ডাকাতি মামলা রয়েছে বলে জানান ওসি মাসুম তালুকদার। কাজীর হাট থানার লতা ও আন্ধারমানিক থেকে শুরু করে হিজলা পর্যন্ত কবিরের দলবল ডাকাতি ও চুরি নিয়ন্ত্রণ করতো বলে এলাকার বাসিন্দারা জানান।
 
ইত্তেফাক/সাব্বির