ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে মোহাম্মদ উল্লাহ (৩০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার জাওলাহাঁটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ উল্লাহ রাজধানীর কামরাঙ্গিচরের আলীনগরের মো. খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে এশার নামায পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মোহাম্মদ উল্লাহ। নামাজ শেষে সে আর বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন তার অনেক খোঁজাখুজির পরও কোথাও কোন সন্ধান পায়নি।
পরের দিন সোমবার দুপুরে উপজেলার জাওলাহাঁটি এলাকার সামনের বুড়িগঙ্গা নদীতে স্থানীয়রা একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. আলাউদ্দিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মোহাম্মদ উল্লাহ পরিবারের লোকজন এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি মোহাম্মদ উল্লাহ বলে শনাক্ত করেন ।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. আলাউদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ ঐ কর্মকর্তা জানান।
