জামালপুর সদরে ও মেলান্দহ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও মেলান্দহ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানিয়েছে, গতকাল দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা জামালপুরগামী বৈশাখী পরিবহণ বাসটি জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় পৌঁছুলে বাসের ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়।
আহত বাসযাত্রীরা হলেন, মাহফুজ (২৮), তাহিন (৩৫), জাকির (৫), সুরাইয়া (১০), খোকন (৩০), নূর ইসলাম(৩৫)সহ কমপক্ষে ১০জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে একইদিন বিকাল ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহের মেঘারবাড়ি এলাকায় একটি ভটভটির সঙ্গে সিএনজি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়। আহতরা হলেন, অছিরন (৫০), রাব্বি (৩), সাবিনা (২৫), শাকিব (২০), বানেছা (৩০) মুখলেছ (১২), আব্দুল্লাহ (৬০), আপেল (৪০), সম্পা (৭), হাফিজুর (৩০),আব্দুল্লাহ(৬০),আলী(৪৫)।
আহতদের এলাকাবাসি উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে মারাত্মক আহত ১২জনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতদের মধ্যে ভটভটির যাত্রী ইঞ্জিনের গরম পানিতে কয়েকজন শিশুর দগ্ধ হওয়ায় তাদেও অবস্থা খুবই মারাত্মক বলে চিকিৎসক জানিয়েছে।
আহত ভটভটির যাত্রীরা প্রত্যেকেই মাদারগঞ্জ উপজেলার আদারভিটা এলাকার বাসিন্দা। তারা ভটভটি যোগে দুরমুট মাজারে মানতের শিন্নী করতে যাচ্ছিল।
মেলান্দহের মেঘারবাড়ি এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি সিএনজি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ইত্তেফাক/নূহু
