ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্প বিকাশে ‘জাহাজ নির্মাণ নীতি’ প্রণয়নে কারিগরি সহায়তা করবে নরওয়ে। এছাড়া, টেকসই বেসরকারিখাতের উন্নয়নে একটি ‘বেসরকারিখাত উন্নয়ন নীতি’ প্রণয়নেও দেশটি প্রয়োজনীয় সহায়তা করতে আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন গতকাল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতি কাঠামোর প্রশংসা করে বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের সৌর বিদ্যুত্সহ নবায়নযোগ্য জ্বালানিখাতে নরওয়ের উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ রয়েছে বলে তিনি জানান।
শিল্পমন্ত্রী বলেন, শিল্পখাতে দক্ষ জনবল সৃষ্টিতে সরকার একটি শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। নরওয়ে এক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি ও কারিগরি সহায়তা করতে পারে।
