নাগেশ্বরীতে মহান মে দিবসে দেশীয় লোকজ ঐতিহ্যের কুশান গান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নাগেশ্বরী সরকারী কলেজ মাঠে উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে রংপুর কাউনিয়ার আয়নাল হকের কুশান গানের দল লোকনাট্যের এ আসর করে।
এতে গায়েন বা গীদাল (গায়ক) বিদেশি মালাকার সহজ-সাবলীল ভাষা-ভঙ্গীতে বৈচিত্রময় পরিবেশনায় গ্রামীণ জনপদের উপর রচিত কিচ্ছা কাহিনীর নাটক গুঞ্জামালা পালা উপভোগ করে সহস্রাধিক নাট্যামোদী। কুশান গানের অপরিহার্য অংশ হিসেবে নর্তকী বেশে ৪ জন ছেলে গায়কের সাথে চারপাশ ঘুরে ঘুরে নয়ানাভিরান নৃত্যে দর্শকের মন ভরিয়ে দেন। গায়েনের পাশাপাশি ভিন্ন ভিন্ন বিষয়-আঙ্গিকে সুরে সুরে লোকনাট্যের গুরুত্ব সূচক নানা বাণী দিয়ে দোয়ারী বা বাওয়ামুল আয়নাল হক মহিলা সেজে নিজস্ব স্বকীয়তায় অত্যন্ত নিখুতভাবে এগিয়ে নেন নাটকটি। গভীর মনযোগে নাটক দেখে সন্ধ্যায় বাড়ী ফেরে মোহিত দর্শক। অনেকদিন পর নির্মল আনন্দের উপভোগ্য দেশীয় লোকজ ঐতিহ্যের এ নাটকের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
