পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মতিন তুহিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকালে তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত তুহিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি ভজনপুর বাজারে নরসুন্দরের (সেলুন) কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘুম থেকে উঠে তুহিন দাঁত ব্রাশ করতে বাড়ির পাশে বের হয়। ব্রাশ করতে করতে সে ইউক্যালিপটাস গাছে হেলান দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, সোমবার রাতে ঝড়ে বিদ্যুৎতের মেইন লাইনটি বাড়ির পাশে ওই ইউক্যালিপটাস গাছটিতে লেগে ছিল। একারণে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/পাভেল
