কালীগঞ্জে কাজীকে কারাদণ্ড

আপডেট : ০২ মে ২০১৭, ১৭:৪৪
 
ঝিনাইদহের কালীগঞ্জে বাল্য বিয়ে পড়ানোর দায়ে আসাদুল ইসলাম (৫৫) নামে এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
আটক কাজী আসাদুল ইসলাম উপজেলার বগেরগাছি গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।
 
মঙ্গলবার এ কারাদণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছাদেকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দ. শরিফা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও কালীগঞ্জ থানার এস.আই রঞ্জন কুমার।
 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ছাদেকুর রহমান জানান, মঙ্গলবার বগেরগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ও উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের হযরত আলীর মেয়ে রিমির সঙ্গে একই গ্রামের সাকিবের বাল্য বিয়ে পড়ান। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বাল্য বিয়ে পড়ানোর দায়ে ওই কাজীকে এই দণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এ সময় বর সাকিব ও তার বাবা পালিয়ে যায়।
 
ইত্তেফাক/জামান