বগুড়ায় দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ০২ মে ২০১৭, ১৮:৩৯
 
বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২।
 
মঙ্গলবার ভোরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালান্দা গ্রামে একটি টিনশেড ঘরে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
 
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই স্থানে কষ্টিপাথরের মূর্তি ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসানের নেতৃতে একটি দল অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করেছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা মূর্তিটি রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত মূর্তিটি শেরপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান