নাসিরনগরে পৃথক সংঘর্ষে নিহত ১, আহত ৫০

আপডেট : ০২ মে ২০১৭, ১৯:০৯
 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক সংঘর্ষে একজন নিহত ও ৫০জন আহত হয়েছেন।
 
মঙ্গলবার উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতুলা গ্রামে ও গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে সোনাতলা গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে জামারবালির রজব আলী ও সোনাতুলা গ্রামের খোরশিদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে দুলাল মিয়া (৩০) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই দুলাল মিয়া মারা যান। ঘটনার সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির (সরাইল সার্কেল), ওসি (তদন্ত) শওকত হোসেন ও চাতলপাড় ফাঁড়ি ইনচার্জ রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
 
এদিকে মঙ্গলবার সকালে জমির আইল কাটার জের ধরে নুরপুর গ্রামে আইয়ুব আলী ও মিনু মিয়ার লোকজন লাঠিসোঁটা, বল্লম, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রায় ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষ  উভয়পক্ষের প্রায় নারীসহ ৪০জন আহত হন। আহত ৩৭জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায়  মামলা হয়নি। নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে নিহত হওয়ার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।'
 
ইত্তেফাক/জামান