সাংবাদিক শিমুল হত্যা: মেয়র মিরুসহ আসামি ৩৮ জন

আপডেট : ০৩ মে ২০১৭, ১১:৫১
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম ওরফে শিমুল হত্যা মামলার অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। মঙ্গলবার বিকালে শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। 
 
ঘটনার ৫৮দিন পর এই মামলার অভিযোগপত্র দাখিল করা হল। অভিযোগপত্রে প্রধান আসামী শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক ওরফে মিরু, তার ছোট ভাই হাবিবুল হক ওরফে মিন্টু, সাবেক আওয়ামীলীগ নেতা কে এম নাসির উদ্দিনসহ মোট ৩৮জনকে আসামী করা হয়েছে। 
 
মামলার তদন্ত কারি কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সাংবাদিক আব্দুল হাকিমের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদি হয়ে পৌর মেয়রসহ ১৮জনের নাম লিখিত অজ্ঞাত আরও ২৫/৩০জন উল্লেখ করে গত ৪ফেব্রুয়ারী শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে। তদন্তকালে এই ঘটনার বিভিন্ন মুঠোফোনের ধারণকৃত ফুটেজ পর্যবেক্ষণ করে আরও ২০জনকে সনাক্ত করা হয়। অভিযোগভুক্ত ১৩জন আসামী জেল হাজতে রয়েছে।
 
উল্লেখ্য গত ২ফেব্রুয়ারী শাহজাদপুর পৌর শহরে আওয়ামীলীগের দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারপিট করায় সংঘর্ষ হয়। এ ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালন করার সময় গুলিতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল আহত হয়। পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে সে মারা যান। 
 
এ ঘটনায় নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে মেয়র হালিমুল হক ওরফে মিরু তার ভাই হাবিবুল হক ওরফে মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ৫এপ্রিল সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ পৌর মেয়রকে ঢাকার শ্যামলী থেকে গ্রেপ্তার করে। এ মামলায় মেয়র মিরুসহ এ পর্যন্ত ১৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
 
IMG0
 
এ দিকে শিমুল হত্যা মামলার আসামীদের ফাঁসি, মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তর, অবৈধ অস্ত্র উদ্ধার, অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী চলাকালীন বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুণ্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান, সমকালের আমিনুল ইসলাম খান রানা, গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।
 
ইত্তেফাক/সাব্বির