তিন পয়েন্ট পেতেই এসেছি :অধিনায়ক

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:২১

কাঠমাণ্ডুতে আজ মাঠে নামছে আবাহনী

 স্পোর্টস রিপোর্টার

আবাহনী এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যে আজ নেপালের মানাং মার্সিয়াংদিকে হারাতে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে নামছে। আবাহনীর কোচ মারিও লেমোস জানিয়েছেন কাজটি সহজ নয়। অপরদিকে অধিনায়ক শহিদুল আলম সোহেল দৃঢ়তার সঙ্গেই জানান তার দল তিন পয়েন্টের জন্যই নেপালে এসেছে।

গতকাল মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে আনফা সদর দফতরে খেলাপূর্ব সংবাদ সম্মেলনে এ অভিমত জানান কোচ ও অধিনায়ক। এএফসি কাপ ২০১৯ এ ‘ই’ গ্রুপে পড়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। গ্রুপে এটিই তাদের প্রথম খেলা।

বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় শুরু হবে খেলাটি।

মাঠের লড়াইয়ের আগে আবাহনী অধিনায়ক শহিদুল জানান, তারা তিন পয়েন্ট পেতেই কাঠমান্ডু এসেছেন। তিনি বলেন,‘আমরা এখানে এসেছি তিন পয়েন্ট পেতে। মানাং মার্সিয়াংদি ভালো দল। তারা নিজেদের মাঠে খেলছে। কিন্তু আমরাও এখানে এসেছি তিন পয়েন্ট পাওয়ার জন্য।’

মানাং মার্সিয়াংদি হচ্ছে নেপালের লিগ চ্যাম্পিয়ন দল। আবাহনী কোচ কালকের সংবাদ সম্মেলনে জানান যে, তিনি বিপক্ষ সম্পর্কে ভালোভাবেই খোঁজ খবর নিয়েছেন। এছাড়াও তার অন্যতম শক্তি গত মৌসুমে আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ) মাতানো ব্রাজিল ফুটবলার ওয়েলিংটন প্রিওরি। নেপাল আসার আগে তাকে সই করিয়েছে আবাহনী।

কোচ লেমোস বলেন,‘আমি জানি আমাদের জন্য ব্যাপারটা কঠিনই হতে যাচ্ছে। তবে এটাও ঠিক যে মানাং মার্সিয়াংদির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের আছে শক্তি ও মনোবল। তাদের বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আছে। এসব খেলোয়াড়রা আগে বাংলাদেশেও খেলেছে। নেপাল অধিনায়ক বিরাজ মহারাজও আছে দলটিতে। হেমাঙ্গ গুরুংকে আমি খুব পছন্দ করি। সে বক্সের বাইরে থেকে অনেক শট নেয়। দলটি অনেক গোছানো।’ 

তিনি অবশ্য জয়ের জন্য নেপাল যাওয়ার আগে দলে টানা ব্রাজিল ফরোয়ার্ডটির উপরও নির্ভর করছেন। ২৯ বছরের প্রিওরি এর আগে ভারতের নর্থ ইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এবং মালয়েশিয়ার পেরলিস নর্দার্ন লায়ন্স ক্লাবের হয়ে এশিয়ান পর্যায়ে খেলেছেন।

এ কারণেই লেমোসের বিশ্বাস সাও পাওলোর এই খেলোয়াড় নেপালে আবাহনীর জন্য মূল্যবান হয়ে উঠবেন। আবাহনী কোচের মতে,‘প্রিওরি একজন অভিজ্ঞ খেলোয়াড়। সে আইএসএলে খেলেছে। তাকে ঘিরে আমাদের অনেক প্রত্যাশা। আশা করি অন্য বিদেশিরাও ভালো খেলবে।’

ইনজুরির কারণে আজকের খেলাটিতে নেই ডিফেন্ডার তপু বর্মণ। কোচ আশা করছেন তার না থাকায় দলের নৈপুণ্যে প্রভাব ফেলবে না। কারণ তার জায়গায় খেলবেন টুটুল হোসেন বাদশা যিনি এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপে ভালো খেলেছেন।

স্বাগতিক অধিনায়ক বিরাজ মহারাজনও জানিয়েছেন তার দল ঢাকা আবাহনীকে মোকাবিলায় প্রস্তুত। মহারাজন এ প্রসঙ্গে দৃঢ়তার সঙ্গেই বলেন যে, তারা মানসিক ও শারীরিকভাবে বাংলাদেশের দলটিকে মোকাবিলায় প্রস্তুতি সেরে রেখেছেন। তারা ভালো দল এবং আমরাও তাই।’

এদিকে মানাং মার্সিয়াংদি ক্লাবের কোচ চিরিং লোপসাং গুরুং জানিয়েছেন এএফসি কাপের খেলায় আবাহনীর মুখোমুখি হওয়ার জন্য মনোবলের তুঙ্গে আছে।

তিনি বলেন,‘আমরা দীর্ঘ মেয়াদে প্রস্তুতি নিতে চেয়েছিলাম। কিন্তু জাতীয় দলের সূচির কারণে পারিনি। আমরা সকল খেলোয়াড়কে পাওয়া মাত্রই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা নিজেদের মাঠে খেলতে যাচ্ছি। আমরা ভালোভাবে প্রস্তুত। আমি খুশি যে, আমার খেলোয়াড়রা ম্যাচটির জন্য মনোবলের তুঙ্গে আছে।’

চিরিং লোপসাং এও জানান যে, তার দলও দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যেই খেলছে । এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য ক্লাবগুলো থেকে আমরা কয়েকজন খেলোয়াড়কে ধার করেছি। দলটি ভালো অবস্থাতেই আছে বলে মনে হচ্ছে। সত্যি বলতে কি আমাদের লক্ষ্য হলো— দ্বিতীয় রাউন্ডে ওঠা। সে জন্য আমাদের জয় দিয়ে শুরু করতে হবে। ঢাকা আবাহনীর বিরুদ্ধে সম্ভাবনা ৫০-৫০।’

এবারের এএফসি কাপে গ্রুপ পর্বে দক্ষিণ এশিয়ার  চার ক্লাব একে অপরের সঙ্গে লড়বে। আবাহনীর গ্রুপের অপর দুই প্রতিদ্বন্দ্বী হলো—ভারতের চেন্নাইয়ান এফসি ও মিনার্ভা পাঞ্জাব। চার দলের মধ্য থেকে বিজয়ী ক্লাবটি যাবে নকআউট পর্বে।-তথ্যসূত্র: গোলনেপাল/এএফসিডটকম।