কালবৈশাখী ঝড়ে মনপুরা কলেজ ছাত্রাবাস বিধ্বস্ত আহত ১০

আপডেট : ০৩ মে ২০১৭, ০১:৩৭

মনপুরায় কালবৈশাখী ঝড় ও টর্নেডোর আঘাতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রাবাস সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। প্রচণ্ড বাতাসে ছাত্রাবাসটি উড়িয়ে নিয়ে যায়। এ সময় শিক্ষক ও ছাত্রসহ ১০ জন আহত হয়েছেন।

ছাত্রাবাসটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ১৯০ ফুট দৈর্ঘ্য ও ২১ ফুট প্রস্থের আধা-পাকা টিনের ছাত্রাবাসের ১০টি কক্ষ ভেঙে ধুমড়ে-মুচড়ে গেছে। ছাত্রদের টেবিল চেয়ার বই আসবাবপত্র সম্পূর্ণ এলোমেলো অবস্থায় পড়ে আছে।

আহত শিক্ষক প্রবীর কুমার মুখার্জী জানান, ঘুমে ছিলাম। প্রচণ্ড বাতাসে টিনের ঘর কাঁপছে। আমি খাটের উপর উঠে বসলাম। হঠাত্ দেখি প্রচণ্ড ঝড়ে ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। ছাত্ররা ডাক চিত্কার করতে থাকে। আমিসহ ছাত্রাবাসে থাকা সকল ছাত্ররা আহত হয়েছি।

কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনা শোনা মাত্রই ছাত্রাবাসে আসি। সামনে ছাত্রদের পরীক্ষা। সরকারের কাছে দাবি করছি দ্রুত ছাত্রাবাসটি মেরামত করে ছাত্রদের থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য।

ইত্তেফাক/নূহু