আড়াইহাজারে ডাকাতের ছুরিকাঘাতে নছিমন চালক নিহত

আপডেট : ০৩ মে ২০১৭, ১০:১১
 
আড়াইহাজারে ডাকাতের ছুরিকাঘাতে ডালিম (৪০) নামের এক নছিমন চালক নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন দুই মাছ ব্যবসায়ী। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ঝাউগড়া এলাকায় রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ডালিম বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের সুন্দর আলীর ছেলে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ডালিম প্রতিদিনের মতো বুধবার ভোরে মাছ ব্যবসায়ীদের নিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ সময় উপজেলার ঝাউগড়া এলাকায় আড়াইহাজার-ভূলতা  সড়কে ৭/৮ জন ডাকাতদল নছিমনটি গতিরোধ করে ৫ জন যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল নেয়ার চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে ডাকাতদল এলোপাথারি কুপিয়ে জখম করে। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে এলাকাবাসী আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে নেন। পরে ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তিনি মারা যান। 
 
আহত শাহআলী (৩০) ও শাহআমানকে  (৩৬) আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহআলী উপজেলার চৈতনকান্দা গ্রামের জব্বর ও হায়েছ আলীর ছেলে। 
 
ওসি সাখাওয়াত হোসেন আরো জানান, ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/কেকে