স্পোর্টস ডেস্ক
ফুটবলে স্বচ্ছতা আরও বাড়াতে এবার এফএ কাপের ম্যাচে ভিএআরের রিপ্লে বড় পর্দায় দেখানো হবে। তবে শুধুমাত্র সিদ্ধান্ত পাল্টালেই তা দেখা যাবে বলে জানিয়েছে এফএ।
ভিএআরের সিদ্ধান্ত আগে বড় পর্দায় দেখানোর পর তা নিশ্চিতকরণে ভিডিওটি দেখানো হবে বলে জানা যায়। সিদ্ধান্তগুলো মাঝে মধ্যে স্টেডিয়ামে থাকা দর্শকদের জন্য বোঝা মুশকিল হয়ে যায় বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে এফএ।
ফুটবল অ্যাসোসিয়েশনের মতে এটি ভিএআরের সিদ্ধান্ত নিয়ে দর্শকদের মধ্যে ‘স্পষ্টতা’ ও ‘নির্মলতা’ সৃষ্টি করবে। এফএ’র কর্তা অ্যান্ডি অ্যাম্বলার এ ব্যাপারে বলেন, ‘ইংল্যান্ডে ভিএআর পরীক্ষার জন্য এফএ কাপ একেবারে সম্মুখভাগে অবস্থান করছে এবং এটা প্রক্রিয়াটির উন্নয়নে পরের ধাপ হিসেবে কাজ করবে।’
তবে বড় পর্দায় ভিএআরের রিপ্লে দেখানোর পদ্ধতি নতুন কিছু নয়। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও পরিবর্তিত সিদ্ধান্তগুলো বড় পর্দায় দেখানো হয়েছিলো। প্রিমিয়ার লিগে এখনো ভিএআরের আবির্ভাব না ঘটলেও এফএ কাপে গেল প্রায় দেড় বছর ধরে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ভিএআর ১৮ মে’র ফাইনালসহ দুই সেমিফাইনালে ব্যবহার করা হবে, যেখানে ম্যানচেস্টার সিটি ব্রাইটনের মুখোমুখি হবে এবং ওয়াটফোর্ড চূড়ান্ত লড়াইয়ে জায়গা করে নিতে লড়বে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।
গেল মাসে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সোয়ানসি সিটির বিপক্ষে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি বিতর্কিত পেনাল্টি ও অফসাইডের সংশয় থাকা এক গোলের কল্যাণে শেষ চার নিশ্চিত করে। সে ম্যাচে সোয়ানসির মাঠ লিবার্টি স্টেডিয়ামে ভিএআরের সুবিধা থাকলেও তা ব্যবহার করা হয়নি কেননা এফএর সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র প্রিমিয়ার লিগের ভেন্যুতেই এই প্রযুক্তি ব্যবহূত হবে। ম্যাচশেষে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগ চ্যাম্পিয়নশিপের দল সোয়ানসি খেলোয়াড়রা ভিএআরের অনুপস্থিতির জন্য বেশ আক্ষেপ করেছিলেন।
