সাধারণত খেলার কোনো স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় বড়োসড়ো টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু এ বছরের ক্রিকেট বিশ্বকাপ একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। লন্ডনের ঐতিহাসিক স্থাপনা ‘দ্য মল’-এ অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান। ইংল্যান্ডের ঐতিহাসিক সব অনুষ্ঠান আয়োজনের জন্য খ্যাত মল এবার ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ধারণ করবে। ২৯ মে বাংলাদেশ সময় রাত ১০টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। সারা পৃথিবী থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া ৪ হাজার দর্শক উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। ২০১৯ বিশ্বকাপের ম্যানেজিং ডিরেক্টর স্টিভ এলওর্থি বলেছেন, ‘এই প্রতিযোগিতাটি কতটা বিশেষ, তা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ধরা পড়বে। ভক্তদের জন্য এই অনুষ্ঠান ভীষণ উত্তেজনার, কারণ ভাগ্যবানরা উপস্থিত থাকতে পারবেন সেখানে। একই সঙ্গে গোটা বিশ্বের ভক্তরাও টিভিতে সরাসরি দেখতে পারবেন।’
