বঙ্গবন্ধু ওপেন গলফ শুরু আজ
স্পোর্টস রিপোর্টার
আজ কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হচ্ছে এশিয়ান ট্যুরের ওপেন গলফ টুর্নামেন্ট—বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন। গত সপ্তাহে জাঁকজমকপূর্ণ এই ওপেনের লোগো উন্মোচন করতে এসেছিলেন বলিউডের মহাতারকা সঞ্জয় দত্ত। আর আজ টুর্নামেন্ট উদ্বোধন করতে আসবেন ক্যারিবিয় সোনালী যুগের কিংবদন্তী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ।
আগেও চার বার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ট্যুরের ওপেন। কিন্তু এবারের টুর্নামেন্টটা সবদিক দিয়েই আগেরবারের আয়োজনগুলোর চেয়ে জমকালো হতে যাচ্ছে। ইতিমধ্যে এই টুর্নামেন্টের আলাদা ওয়েবসাইট করে টুর্নামেন্টের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, বাংলাদেশের ৪০ জন পেশাদার ও ৬ জন অ্যামেচার গলফার এবারের প্রতিযোগিতায় অংশ নিবেন। ২২টি দেশের সব মিলিয়ে ১৪৬ জন গলফার লড়বেন এবার। এ নিয়ে বাংলাদেশে এশিয়ান ট্যুরের পঞ্চম আসর বসছে। শুরুর তিনটি আসরের নাম ছিল বসুন্ধরা বাংলাদেশ ওপেন। ২০১৮ সালে প্রতিযোগিতাটি হয়েছিল এবি ব্যাংক বাংলাদেশ ওপেন নামে।
চেনা কোর্সে হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের গলফাররা কখনই সেরা হতে পারেননি। ২০১৭ সালের আসরে সিদ্দিকুর রহমানের দ্বিতীয় হওয়া স্থানীয় গলফারদের এখন পর্যন্ত সেরা সাফল্য।
গত চার আসরের চ্যাম্পিয়ন খেলোয়াড় অংশ নিচ্ছেন এবারের আসরে। সেই সাথে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান ও দ্বিতীয় সেরা গলফার জামাল হোসেন মোল্লাও অংশ নিচ্ছেন এই আসরে। সদ্য শেষ হওয়া ভারতের হিরো ওপেন শেষ করে আসা দুই গলফারই আশা করছেন, এবার ঘরের কোর্সে এই টুর্নামেন্টে তারা ভালো ফলাফল করবেন। যদিও হিরো ওপেনে দুজনের কেউই কাট পার করতে পারেননি। সিদ্দিক বলেছেন, তিনি এবার বঙ্গবন্ধু ওপেনের শিরোপা জয়ে আশাবাদী।
