‘নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে চাই যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

পোশাক শিল্পে নারী শ্রমিকরা অনিরাপদ কর্মপরিবেশে কাজ করছে। শ্রমজীবী নারীর প্রতি সহিংস আচরণ কেবল তাদের ক্ষমতায়নে প্রতিবন্ধকতাই সৃষ্টি করে না, বাধাগ্রস্ত করে জাতীয় অর্থনৈতিক উন্নয়নকে। কাজের মাধ্যমে নারীর ক্ষমতায়ন আনতে হবে। এজন্য নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি করতে কর্মক্ষেত্রে বাধ্যতামূলক যৌন হয়রানি প্রতিরোধ কমিটি রাখতে হবে।  

গতকাল শুক্রবার মিরপুরে ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ-২০১৮ এবং তাজরীন দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কর্মজীবী নারী ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এ নারী শ্রমিক জমায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিরিন আখতার বলেন, রানা প্লাজা ও তাজরীন দুর্ঘটনা আজ নারী শ্রমিকের সংগঠিত হওয়ার পথ তৈরি করে দিয়েছে এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনও বাধ্যতামূলক করতে হবে।

কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার বলেন, হাইকোর্ট প্রণীত যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা ২০০৯ আইনে রূপান্তরিত হওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত নারী শ্রমিকরা বলেন, আমরা কাজের মাধ্যমে আমাদের ক্ষমতায়ন চাই। আর এজন্য নারী বান্ধব কর্মপরিবেশ চাই, যেখানে কোনো আতঙ্ক থাকবে না প্রতিবন্ধকতা থাকবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ওশি ফাউন্ডেশনের সভাপতি সাকি রেজওয়ানা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাজী সৈয়দ আহম্মেদ মোল্লা, মহিলা আওয়ামী লীগ (উত্তর) এর সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামান, ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডেন্ট শিরিন সিরাজ এবং ৪নং ওয়ার্ডের মহিলা লীগের সভাপতি আমেলা বেগম।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং শিল্প দুর্ঘটনায় আহত ও নিহত সকল শ্রমিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল এবং ধারণাপত্র পাঠ পরিচালক রাহেলা রাব্বানী।