নাটোরের সিংড়ায় গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ীরা হলেন, 'কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার মালিহাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫০) ও একই গ্রামের কালাম শেখের ছেলে টুকু মিয়া (৪০)। এ ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন, একই এলাকার গরু ব্যবসায়ী আসাদুল ও একলান।
সিংড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় গরু বোঝাই ট্রাকটি পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মান্নান ও টুকু নিহত এবং অপর দুইজন আহত হন। এসময় একটি গরুর প্রাণহানি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মী ও সিংড়া থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে লাশ দুটি হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়।
ইত্তেফাক/জামান
