নেত্রকোনার পূর্বধলায় মিনা আক্তার (৩০) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার বিশকাকুনী ইউনিয়নের হলুদাটি গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে। মিনা আক্তার ওই গ্রামের মৃত আবুল কাসেমের স্ত্রী। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় চলছে জল্পনা-কল্পনা।
নিহতের চাচা উপজেলার বৈরাটি ইউনিয়নের বড়রিয়া গ্রামের আব্দুল হাই মাস্টার জানান, গত ১০ বছর আগে মিনাকে আবুল কাসেমের সাথে বিয়ে দেন। বিয়ের ৭ বছর পর মিনার স্বামী এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে মারা গেলে মিনা দুটি সন্তান নিয়ে তার মৃত স্বামীর ভিটে মাটি আগলে রাখে। কিন্তু ইতোমধ্যেই মিনার স্বামীর বড় ভাই মোস্তফা, ছোট ভাই আক্রাম হোসেন, আবুল কালাম ও ছালাম মিনার সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি করে কয়েকবার মিনাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ নিয়ে কয়েক দফা গ্রাম্য সালিশ বৈঠকও হয়েছে ।
নিহত মিনার মা নেহারা বেগম জানান, তার মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, খবর পেয়ে মিনার বসত ঘরের বারান্দা থেকে বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় হালকা কালো দাগ রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে নিহত মিনার ভাসুর ও দেবররাসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
